সোহরাওয়ার্দী, হৃদরোগ ও নিটোরে র্যাবের অভিযান, আটক ১৩

রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) সকাল থেকে র্যাব-২-এর একটি আভিযানিক দল তিনটি হাসপাতালে এ অভিযান পরিচালনা করে।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন শাহ আলম জানান, সরকারি হাসপাতালে আসা রোগীদের ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে দালালচক্র। তাদের মধ্যে নারী ও পুরুষ—উভয়ই রয়েছে। অভিযানে এমন কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব-২-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালকেন্দ্রিক একটি সক্রিয় দালালচক্রের বিষয়ে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য ছিল দালালদের শনাক্ত ও আটক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
তিনি জানান, সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিটোরে পরিচালিত অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। র্যাবের নিয়মিত অভিযানের ফলে দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে।
হাসপাতালের কোনো কর্মচারীর সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত সরকারি কোনো কর্মচারীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে অতীতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য