• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৩০ জুন ২০২৬, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেঘনা নদীর মাঝপথে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী লঞ্চ। এতে থাকা ১২০ যাত্রীকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ লঞ্চটির প্রপেলার শ্যাফটের নাট ভেঙে যায়। এতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটি মাঝনদীতে অচল হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চচালক মেঘনা নদীতে গজারিয়া লঞ্চঘাটের সামনে লঞ্চটি নোঙর করেন।

মাঝনদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ বিকলের খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। নৌ পুলিশের সদস্যরা আতঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করেন এবং বিকল লঞ্চে থাকা সবাইকে নিরাপত্তার আওতায় নেন।

পরে নৌ পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় ‘এম এল হাসান’ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চ আনা হয়। বিকল লঞ্চে থাকা ১২০ জন যাত্রীকে সুশৃঙ্খলভাবে নতুন লঞ্চে স্থানান্তর করা হয় এবং তাদের নিরাপদে চাঁদপুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

নৌ পুলিশের এই দ্রুত ও মানবিক উদ্যোগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া যাত্রীরাও স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে নৌ পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাবনায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: সংগৃহীত
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না