ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলের একটি বিপণিবিতানের পার্কিং এলাকায় ২৯ ফুট উঁচু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন হার্নান আলবার্তো গিল ফ্লোরেস (৪৪)। স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলের কয়েক দিনের অক্লান্ত প্রচেষ্টার পর বৃহস্পতিবার তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার ঘটনাকে উদ্ধারকারীরা ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। ভূমিকম্পের সময় লা গুয়েরা শহরের একটি নয়তলা ভবনে অবস্থান করছিলেন ফ্লোরেস। তীব্র কম্পনে ভবনটি ধসে পড়লে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এরপর টানা আট দিন ধরে চলে উদ্ধার অভিযান। এ তথ্য জানিয়েছে সিএনএন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির অগ্নিনির্বাপণ বাহিনী জানিয়েছে, জোড়া ভূমিকম্পের আট দিন পর উদ্ধার হলেও ফ্লোরেসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তারা জানায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে উদ্ধারকারীদের টানা ৭০ ঘণ্টা কাজ করতে হয়েছে।
উদ্ধারকারী দল জানায়, ফ্লোরেসের অবস্থান শনাক্ত করার পর থেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। পাইপ ও সিরিঞ্জের মাধ্যমে তাকে পানি, তরল খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছিল।
বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকদের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য