• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘স্থানীয় নির্বাচন হলেই জনগণের দুর্ভোগ কাটবে’

   ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৪ পি.এম.

চাঁদপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা তো তাদের (আওয়ামী লীগ) যাইতে বলি নাই। তারা দেশের নিরীহ মানুষের বিরুদ্ধে গেছে, জুলম-অত্যাচার করেছে। এর ফল তারা পেয়েছে, আরও পাবে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির এ কথা বলেন। জেলা জামায়াত এ পথসভার আয়োজন করে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘তারা এমনভাবে শাসন করল, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকেই পালিয়ে গেল। সামান্য অজুহাতে আমাদের ডাকাত, চোর, ধর্ষক—এগুলো বলত। আওয়ামী লীগের একটি পরিবার দেশের মানুষকে দাস মনে করত। তারা ভুলে গেছে, মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, তার কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না। কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন, তার পুরোটাই বাস্তবায়ন হয়।’

জামায়াতের আমির বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি-ডাকাতি, খুন-গুম করার জন্য আমাদের জেলে নিয়েছে। তারা মনে করেছে, তারা যা চাবে, তাই পাবে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) মানুষকে মানুষ মনে করত না। রাজনৈতিক নেতাদের উপহাস করে কথা বলত। তাদের ধারণা, তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে। তারা ভুলে গেছে, সবকিছুর মালিক আল্লাহ। তিনি বসাতেও পারেন, খসাতেও পারেন।’

জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান মিয়ার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরের (দক্ষিণ) সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর জামায়াতের আমির আইনজীবী মো. শাহজাহান খান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল