• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫০ শয্যার সব সরকারি হাসপাতালকে ১শ’ শয্যা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ১২:২৫ পি.এম.
নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।  ছবি: ভিওডি বাংলা
নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: ভিওডি বাংলা

দেশের স্বাস্থ্যসেবাকে আরও সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ৫০ শয্যার সব সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একইসঙ্গে উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার চাপ কমাতে সরকার স্থানীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত চিকিৎসার জন্য ঢাকায় ছুটে যাওয়ার যে ভোগান্তি, তা কমিয়ে আনতেই উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকার শুধু চিকিৎসা খাত নয়, জনগণের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যেও কাজ করছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষি, সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমেও সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য হুইলচেয়ার, সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮০
ছবি: সংগৃহীত
বাচ্চাদের যেন শাল দুধ খাওয়ানো হয়: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা চলছে হাসপাতালে। ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫