জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। এ নিয়োগের বিষয়ে এরই মধ্যে সম্মতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৩ অনুযায়ী আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে।
আধা-সরকারি পত্রে বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম আরও সুচারু ও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করাই এ নিয়োগের মূল উদ্দেশ্য।
কে এই এ কে এম ওয়াহিদুজ্জামান
এ কে এম ওয়াহিদুজ্জামান শিক্ষা, ব্যাংকিং, ভৌগোলিক তথ্যব্যবস্থা ও জলবায়ুবিষয়ক গবেষণায় অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি একটি ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করেন। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডটে ডিজিটাল বিপণন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংকিং, দূর অনুধাবন প্রযুক্তি ও ভৌগোলিক তথ্যব্যবস্থায় তার বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও ভূগোল বিষয়ে তার একাধিক গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে।
আধা-সরকারি পত্রে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে তার অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে আরও বলা হয়েছে, ওয়াহিদুজ্জামানের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য