‘জুলাইকে নষ্ট হতে দেব না, ন্যায়বিচারের জন্য লড়াই চলবে’

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং গুম-খুনের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, "জুলাই শুধু একটি মাস বা একটি আন্দোলনের নাম নয়। জুলাই মানে হাজারো শহীদের রক্ত, মায়ের অশ্রু, বাবার হারানো স্বপ্ন এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বাংলাদেশ যতদিন থাকবে, জুলাইও ততদিন থাকবে।"
বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত 'মননে জুলাই' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে সানজিদা ইসলাম তুলি বলেন, তার ভাই ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের একজন। দীর্ঘদিন ধরে তিনি 'মায়ের ডাক' প্ল্যাটফর্মের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে কাজ করে আসছেন। তিনি বলেন, বছরের পর বছর রাজপথে দাঁড়িয়েও তারা কথা বলার সুযোগ পাননি, এমনকি সন্তানদের ছবি হাতে নিয়ে দাঁড়ানোরও জায়গা দেওয়া হতো না।
তিনি বলেন, "আজ আমরা কথা বলতে পারছি, বিচার চাইতে পারছি—এর পুরো কৃতিত্ব জুলাইয়ের। জুলাই আমাদের সেই সাহস এনে দিয়েছে।"
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সম্পত্তি হিসেবে দেখার বিরোধিতা করে তিনি বলেন, এই আন্দোলন দলমত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের। শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, মাদ্রাসার ছাত্র, দিনমজুর, মা-বোন—সবাই মিলে এই আন্দোলন সফল করেছেন।
তিনি আরও বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলোর পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। গুম কমিশনের তথ্য অনুযায়ী প্রমাণিত ঘটনার বাইরে আরও হাজারো পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, "আমি আজও জানতে চাই, আমার ভাইয়ের সঙ্গে কী করা হয়েছিল। কোন নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছিল, সেটাও আমরা জানি না।"
জুলাইয়ের চেতনা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমরা বেঁচে থাকতে জুলাইকে কেউ নষ্ট করতে পারবে না। যতদিন আমরা আছি, ততদিন এই বাংলার মাটিতে নিষিদ্ধ সংগঠনের কোনো জায়গা হবে না।"
তিনি বলেন, "একটা গুলি করলে একজন মারা যায়, কিন্তু বাকিরা থেকে যায়। সেই 'বাকিরা'ই আজকের বাংলাদেশ। তারাই এই দেশের জন্য লড়াই চালিয়ে যাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না।"
ভিওডি বাংলা/এম আই/আ








মন্তব্য