পুলিশের নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালেই আইনি ব্যবস্থা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোর ঘটনা নজরে এসেছে। এসব অপপ্রচার জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ পুলিশ আরও জানায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে পুলিশ অনুরোধ জানিয়ে বলেছে, তথ্যের সত্যতা যাচাই না করে কোনো পোস্ট শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
বাংলাদেশ পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে সবার সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য