যে রেকর্ড গড়লেই মেসির আর কোনো অপূর্ণতা থাকবে না

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি আরেকটি ঐতিহাসিক কীর্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। শেষ ষোলো পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার অধিনায়ক। ফলে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনাও জোরালো হয়েছে।
মিশরের বিপক্ষে দৃষ্টিনন্দন ভলি থেকে গোল করে এবারের বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন মেসি। ফলে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের গড়া এক আসরে ১৩ গোলের বিশ্বরেকর্ড এখন তার নাগালের মধ্যেই রয়েছে।
অবশ্য আরও এগিয়ে থাকতে পারতেন মেসি। এবারের বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন তিনি, যার ফলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও তার নামের সঙ্গে যুক্ত হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল করেছেন তিনি। দুটি পেনাল্টি কাজে লাগাতে পারলে তার গোলসংখ্যা দাঁড়াত ১০।
এবারের আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন মেসি এবং প্রতিবারই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। গোলদাতার তালিকায় তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি। চারজনই এখনও কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে টিকে আছেন।
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করে ইতিহাস গড়েছিলেন জাস্ট ফন্টেইন। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে। রেকর্ডটি নিজের করে নিতে মেসির প্রয়োজন আরও ৫টি গোল। সামনে সম্ভাব্য তিনটি ম্যাচ রয়েছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল।
বিশ্বকাপের সর্বমোট পরিসংখ্যানেও অনন্য উচ্চতায় অবস্থান করছেন আর্জেন্টাইন মহাতারকা। ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি খেলেছেন সর্বোচ্চ ৩১টি ম্যাচ এবং করেছেন সর্বোচ্চ ২১টি গোল। তবে মাত্র তিনটি বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৯ গোল করে তার সবচেয়ে কাছাকাছি রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন। চলতি আসরে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও গোল করেছেন তিনি।
এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, জাস্ট ফন্টেইনের দীর্ঘদিনের অমলিন রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারেন কি না লিওনেল মেসি। সেই সঙ্গে আর্জেন্টিনার শিরোপা স্বপ্নও অনেকটাই নির্ভর করছে তার পারফরম্যান্সের ওপর।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য