সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিকব্যবস্থাকে আরও আধুনিক করার উদ্যোগের অংশ হিসেবে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে কাঁচপুর বাস টার্মিনালের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএর ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবা ও পরিচালনাগত সুবিধা বাড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রকল্প প্রস্তাব উপস্থাপন করে। এতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ এবং প্রয়োজনীয় অন্যান্য স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) প্রকল্পটির অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে।
সংশ্লিষ্টরা জানান, কাঁচপুর বাস টার্মিনালের যাত্রীসেবা আরও উন্নত করা এবং পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য