প্রাথমিকে পদোন্নতি ও নিয়োগ দ্রুত শেষের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত শেষ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বুধবার (৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগসংক্রান্ত সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
এর আগে গত ২ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলার নিষ্পত্তির পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের পাশাপাশি নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমও শিগগিরই শুরু করা হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য