বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এ সফরে তিনি ১১ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে দীর্ঘদিন পর সংস্কার করা শিবগঞ্জের হেলিপ্যাডও প্রথমবারের মতো ব্যবহৃত হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে সেনাপ্রধানকে বহনকারী আর্মি এভিয়েশন গ্রুপের একটি হেলিকপ্টার ঝিনাইদহ থেকে উড়ে এসে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাডে অবতরণ করে।
এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা, পটুয়াখালী, ঝিনাইদহ ও বগুড়া সফরের অংশ হিসেবে ৭ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন এবং ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।
হেলিপ্যাডে অবতরণের পর দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি এলাকায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। পরে বিকেল ৩টার পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শিবগঞ্জ ত্যাগ করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, সেনাপ্রধান বুধবার দুপুরে শিবগঞ্জে এসে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সচিব আতিক রহমান জানান, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা শিবগঞ্জের হেলিপ্যাড সংস্কারের পর এই প্রথম সেটি ব্যবহার করা হয়েছে। সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম যাত্রী হিসেবে অবতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
তিনি আরও জানান, দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে পৌঁছে সেনাপ্রধানের হেলিকপ্টারটি ওই হেলিপ্যাডে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘদিন অব্যবহৃত থাকা হেলিপ্যাডটি আবারও কার্যকরভাবে ব্যবহারের সূচনা হলো।
স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জে হেলিপ্যাডের স্থান দীর্ঘদিন ধরে নির্ধারিত থাকলেও বছরের পর বছর এটি অবহেলায় পড়ে ছিল। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে দ্রুত সংস্কার করে হেলিপ্যাডটি ব্যবহারের উপযোগী করা হয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য