• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার মানবিক মূল্যবোধ, সামাজিক সুবিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দুর্গত মানুষের পাশে রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাংলা কলেজের প্রথম মিলনমেলা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে মানুষের প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। জনগণের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট সব সংস্থাকে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে দুর্গত এলাকার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলায় ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী এবং রাষ্ট্রের অন্যান্য সংস্থা সমন্বিতভাবে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে, যাতে জনগণের আস্থা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটে।

শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, আজকের তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং মেধাভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার।

সরকারি বাংলা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শেষে তিনি উপস্থিত শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে নতুন কৌশলপত্র অনুমোদন
ছবি: সংগৃহীত
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ