গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিম ও নারকেলগাছের চারা রোপণের মাধ্যমে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান তিনি। বাটাজোর বাজারসংলগ্ন এ খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত। খালটি সরিকল নদীর মাধ্যমে মিয়ারচর নদীর সঙ্গে যুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রীকে দেখতে খালের এক পাড়ে জড়ো হন স্থানীয় গৃহবধূ, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না। আজ প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। সবাইকে এসব চারার যত্ন নিতে হবে। আপনারা যেমন নিজের সন্তানকে জন্মের পর স্নেহ-যত্নে লালন-পালন করেন, ঠিক তেমনি প্রতিটি চারারও নিয়মিত পরিচর্যা করতে হবে।”
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি উপকারভোগী পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হবেন। ৩৪ কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে তাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
পরে নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর গৌরনদী সফরে গেলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এ উপজেলায় সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।
ভিওডি বাংলা/আ








মন্তব্য