শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিন দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করেছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত এবং বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজনের দাবি জানান।
অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।
কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নানা সংকটের মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি। বিশেষ করে ফিজিক্স ও অ্যাকাউন্টিং বিষয়ের পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তাই এসব পরীক্ষা পুনরায় আয়োজন এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান তিনি।
একই কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছে। অনেককে ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে অনেক শিক্ষার্থীর ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য