গৃহায়ন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবাসন ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের আবাসন খাতের আধুনিকায়ন, নগর ব্যবস্থাপনার উন্নয়ন, জাতীয় বিল্ডিং কোডের কার্যকর বাস্তবায়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং নগর এলাকার পার্ক ও জনসাধারণের উন্মুক্ত স্থান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনার এক পর্যায়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, এ খাতে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।
জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ভূমিকম্প মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে 'বাংলাদেশ ভূমিকম্প নিরাপত্তা ও গবেষণা ইনস্টিটিউট (বিইএসআরআই)' প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। মন্ত্রীর মতে, আধুনিক গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে এ ধরনের একটি প্রতিষ্ঠান দেশের দুর্যোগ প্রস্তুতি ও নিরাপদ অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দিয়ে জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ফলে ভূমিকম্প নিরাপত্তা ও গবেষণায় দুই দেশের মধ্যে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার পথ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।
সৌজন্য সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- রাজনৈতিক কাউন্সিলর এরিক গিলান, রাজনৈতিক কর্মকর্তা জশ পোপ এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের জনকূটনীতি শাখার কর্মকর্তারা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য