ঢাকায় ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি, আরও দুই দিন বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ধারাবাহিকতা এখনই থামছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী অন্তত দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার (১২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ১৪ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে রাজধানীতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল হক জানান, রোববার সকাল থেকে মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি বলেন, "আগামী দুই দিন দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে ১৪-১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। এ সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বাড়তে পারে।"
মমিনুল হক আরও বলেন, "৫ জুলাইয়ের পর থেকে মাত্র চার দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত অল্প সময়ে অস্বাভাবিক মাত্রার এই বৃষ্টিপাতকে তিনি এল নিনোর প্রভাব হিসেবে উল্লেখ করেছেন। একই ধরনের পরিস্থিতি ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।"
আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখন সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অন্তত আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য