সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কয়েক ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে নতুন কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছানোর পর তাদের অগ্রযাত্রায় পুলিশ বাধা দেয়। সেখানে কিছু সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলতে দেখা যায়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। কর্মস্থলগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়।
প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্রথমদিকে সচিবালয়, শিক্ষা ভবন এবং বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এই তিনটি সম্ভাব্য গন্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন মত উঠে আসে। কিছু সময় আলোচনা শেষে আন্দোলনকারীদের একটি বড় অংশ শিক্ষা বোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী তারা ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজারের দিকে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এরপর সেখানে উভয় পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময় কথোপকথন হয়। তবে তাৎক্ষণিকভাবে মিছিলটি সামনে এগোতে পারেনি।
এদিকে আন্দোলনকারীরা সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেওয়ার পর ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন একে একে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতেও যানজট কমে আসে এবং স্বস্তি ফেরে সাধারণ মানুষের মধ্যে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণযোগ্য ও সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজন হলে তারা নতুন কর্মসূচিও ঘোষণা করবেন বলে জানান।
ভিওডি বাংলা/জা








মন্তব্য