যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলের (৭ম তলা) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সমসাময়িক রাজনীতি ও যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবদুল মোনায়েম মুন্না বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, জুলাই-আগস্ট গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
যুবদল সভাপতি আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনের উদ্যোগে জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। সাংগঠনিক টিম গঠনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার না চালিয়ে যাচাই-বাছাই করে সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচিতে আমাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়নি। সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে যে মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে, আমরা সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
ভিওডি বাংলা/জা








মন্তব্য