বিয়ের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে এএসপি সোহেল

বিয়ের কথা বলে বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে করা মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা অভিযুক্ত সোহেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে, ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ গঠন করেন।
এদিন সোহেলের জামিন বাতিলের আবেদন করেন মামলার বাদী সহকারী কর কমিশনার তানজিনা সাথী। আবেদনে বলা হয়, সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট তার সাথে আপস করার শর্তে জামিন নেন কিন্তু এখন পর্যন্ত মামলার বিষয়বস্তু সংশ্লিষ্ট কোনো আপস-মীমাংসা করেন নাই। তাই তার জামিন বাতিল করা হোক।
আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কালাম খান আদালতে বলেন, অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেন নাই। তিনি মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২২ সালের ২৩ নভেম্বর সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন সহকারী কর কমিশনার তানজিনা সাথী।
মামলায় বলা হয়, ২০১৭ সালে বাদী ও সোহেল উদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেল উদ্দিন বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। বাদী ও তার পরিবারের সাথে সুসম্পর্কের সুবাদে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরে বাদীকে আর বিয়ে করেননি অভিযুক্ত সোহেল উদ্দিন। টাকাও ফেরত দেননি।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য