জলাবদ্ধতা নিরসনের দাবিতে পল্লবীতে সড়ক অবরোধ

রাজধানীর পল্লবীর বিহারি কলোনিতে দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে সড়কে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অবরোধ কর্মসূচির কারণে কালশী মোড় এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় এক হাজারের বেশি মানুষ কালশী মোড় অবরোধ করেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানা থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে কালশী এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের পাশাপাশি ডিএমপির অপরাধ বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমানোর চেষ্টা করছেন।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার বলেন, ‘সাড়ে ৬টার দিকে পল্লবীর কালশি মোড় অবরোধ করে স্থানীয়রা। তাদের মূল দাবি পানি নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে।’
আন্দোলনের কারণে কালশী এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া ওই সড়ক ব্যবহার না করে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য