মালিবাগে ট্রাফিক আইন অমান্য, সিএনজি চালক গ্রেপ্তার

ঢাকার মালিবাগ ক্রসিং এলাকায় ট্রাফিক আইন অমান্য এবং দায়িত্ব পালনরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া চালকের নাম মো. খোকন (৩৫)। পরে তাকে এবং জব্দ করা সিএনজিটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজবাগ ট্রাফিক জোনের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ক্রসিং এলাকায় নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সার্জেন্ট। এ সময় রাস্তার মাঝখানে একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
দায়িত্বরত সার্জেন্ট কয়েক দফা চালককে গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তিনি তা মানতে অনীহা প্রকাশ করেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ।
এ সময় অভিযুক্ত চালক উত্তেজিত হয়ে কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি এবং পুলিশকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যও করেন তিনি। এতে ঘটনাস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে চালক মো. খোকনকে আটক করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশাসহ রমনা থানায় পাঠানো হয়।
ভিওডি বাংলা/জা








মন্তব্য