পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর সুপারিশে শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষেও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে একই পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপির নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া শুধু মানবিক উদ্যোগই নয়, বরং আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের একটি বাস্তব উদাহরণ।
জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার এ উদ্যোগ সরকারের মানবিক ও দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগ তাদের আত্মত্যাগের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকারও প্রতিফলন। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও শহীদ পরিবার এর সুফল ভোগ করবে।
ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার নিহা/জা









মন্তব্য