মার্শাল-আর্ট শেখানোর আড়ালে ‘উগ্রবাদ’, ৬ জন রিমাণ্ডে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) প্রশিক্ষকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- শাহ আমানত সাবির (২৩), মো. হোসাইন তানিম (২০), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০) ও মো. বায়োজিত (৩০)। তারা তিন দিনের রিমান্ডে রয়েছেন।
সোমবার (৬ জুলাই) যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার এলাকার আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। পরে পুলিশের অভিযানে পালানোর চেষ্টা করলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬ জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে এদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামে উগ্রবাদী সংগঠনের পক্ষে তারা মার্শাল-আর্ট (আত্মরক্ষা কৌশল) শিখছিল।
ভিওডি বাংলা/আরআর/আ








মন্তব্য