‘আমি আমার আমিকে ভালোবাসি’

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, অনুমতি ছাড়া তাঁর ছবি নিয়ে এআই পরীক্ষা–নিরীক্ষা তিনি মোটেও পছন্দ করেন না। এমনকি এ প্রবণতা চলতে থাকলে ফেসবুক ছাড়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই বিষয়ে একটি পোস্ট করে লেখেন, "এ আই যতই করুক যতই পারুক কখনও আসল মানুষকে তুলে ধরতে পারেনা। তাকে ঝকঝকে তকতকে করে দেয়।কিন্তু জুম করে দেখলে দেখবেন ছবির মানুষের চোখ আসলে তার চোখ নয়।যা কিনা দেখতে ভয়ংকর। একটা মানুষের আঙ্গুলের ছাপ ও যেমন অনবদ্য তেমন চোখের দৃষ্টি ও একদম নিজস্ব।"
পোস্টে নিজের চেহারা, বয়স ও শারীরিক বৈশিষ্ট্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কনকচাঁপা লেখেন, ‘আমার থ্যাবড়ানো নাক, চওড়া চোয়াল, মোটা ঠোঁট, খাটো ঘাড় নিয়েই দিব্যি জীবন পার করে দিলাম। এতে যদি আমার মন খারাপ না হয়, তাহলে আপনাদের অসুবিধা কোথায়?’
এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এই প্রযুক্তি দিয়ে সমাজ ও মানুষের কল্যাণে অসংখ্য সৃজনশীল কাজ করা সম্ভব। কিন্তু অনেকেই সেটিকে ব্যবহার করছেন ছবি সম্পাদনা ও কৃত্রিম ভিডিও তৈরির মতো কাজে। বিশেষ করে মৃত মানুষকে এআই ভিডিওতে কথা বলাতে দেখানো অত্যন্ত অস্বস্তিকর ও ভয়ংকর বলে মনে হয়।’
সবশেষে কনকচাঁপা লেখেন, জীবনে কখনো সৌন্দর্য বাড়ানোর জন্য কৃত্রিম কোনো পদ্ধতির আশ্রয় নেননি। তাই এআইয়ের মাধ্যমে তৈরি করা কৃত্রিম সৌন্দর্যও তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, আমি আমার “আমার আমি”কে খুবই ভালোবাসি।
ভিওডি বাংলা/তা








মন্তব্য