প্রথম সপ্তাহেই আয় প্রায় ২৫৮ মিলিয়ন ডলার

মুক্তির পরপরই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে প্রায় ২৫৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৪১ কোটি টাকা।
রোববার (১৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই আয় নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বোধনী আয়। এর মাধ্যমে ‘দ্য ওডিসি’ ছাড়িয়ে গেছে তাঁর আগের দুই আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ১২৫ মিলিয়ন ডলার। আগাম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া, আইম্যাক্সের প্রায় সব শো হাউসফুল থাকা এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া-সব মিলিয়ে ছবিটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এসব বিষয়।
ভারতেও দারুণ ব্যবসা করছে ‘দ্য ওডিসি’। বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির নেট আয় হয়েছে ২২ কোটি রুপি। প্রথম দিনে আয় ছিল ১৭ দশমিক ৪ কোটি রুপি। ফলে দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় ২৬ দশমিক ৪ শতাংশ।
দেশজুড়ে ৮ হাজার ৭৯১টি শোতে প্রদর্শিত হওয়া সিনেমাটির দুই দিনের মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪ কোটি রুপি। আর গ্রস আয় ৪৭ দশমিক ৩ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, এ সাফল্য ভারতে নোলানের জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ।
ক্রিস্টোফার নোলানের লেখা ও পরিচালনায় নির্মিত ‘দ্য ওডিসি’ তৈরি হয়েছে প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে। সিনেমায় ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। টেলেম্যাকাস চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং অ্যান্টিনোয়াস চরিত্রে রবার্ট প্যাটিনসন। এছাড়া অভিনয় করেছেন শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, জেন্ডায়া, জন বার্নথাল, হিমেশ প্যাটেল, জন লেগুইজামো ও মিয়া গোথ।
ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডিসিয়াসের নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপদসংকুল যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। পথে নানা পৌরাণিক প্রাণী, ভয়ংকর চ্যালেঞ্জ এবং স্ত্রী পেনেলোপের সঙ্গে তাঁর সম্পর্কের আবেগঘন দিকও তুলে ধরা হয়েছে।
‘ওপেনহাইমার’–এর পর এটি নোলানের প্রথম সিনেমা। মুক্তির আগে ম্যাট ডেমন, টম হল্যান্ড ও প্রযোজক এমা থমাসকে নিয়ে ভারতের প্রচারণায় অংশ নেন তিনি। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ছবিটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সার্টিফিকেট পেলেও কোনো দৃশ্য কাটছাঁট করা হয়নি।
ভিওডি বাংলা/তা








মন্তব্য