খামেনির সাত দিনের রাষ্ট্রীয় বিদায়ে কোথায় কোন অনুষ্ঠান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনের জানাজা, শোকানুষ্ঠান ও শবযাত্রা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের লাখো মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রথমে চলতি বছরের মার্চে তাঁর দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। ৮৬ বছর বয়সে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আলী খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।
কে ছিলেন আলী খামেনি
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আলী খামেনি। ইসলামি বিপ্লব-পরবর্তী সময়ে তিনি দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
এবারের শেষকৃত্য হবে তাঁর উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনির নেতৃত্বে প্রথম বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান।
সাত দিনের কর্মসূচি
৩ জুলাই: তেহরানে কর্মসূচির সূচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন।
৪ ও ৫ জুলাই: রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের জন্য খামেনির মরদেহ রাখা হবে। তাঁর পরিবারের নিহত সদস্যদের কফিনও সেখানে রাখা হবে, যাতে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
৬ ও ৭ জুলাই: তেহরানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শবযাত্রা কোম শহরে পৌঁছাবে। শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত কোমে রয়েছে ইরানের বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আলী খামেনিও এখানে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছিলেন।
৮ জুলাই: মরদেহ ইরাকে নেওয়া হবে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনার পর নাজাফ ও কারবালায় শবযাত্রা অনুষ্ঠিত হবে। শিয়া মুসলিমদের কাছে এই দুটি শহর অত্যন্ত পবিত্র।
৯ জুলাই: শেষপর্যায়ে মরদেহ ইরানে ফিরিয়ে এনে মাশহাদের ইমাম রেজার মাজারের পাশে দাফন করা হবে। মাশহাদে জন্ম নেওয়া আলী খামেনির সঙ্গে শহরটির ব্যক্তিগত ও ধর্মীয় সম্পর্ক ছিল গভীর। শিয়া সম্প্রদায়ের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব ইমাম রেজার মাজারসংলগ্ন স্থানে দাফনকে বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
এই সাত দিনের কর্মসূচির মাধ্যমে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের অবসানকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য