হাম ও হামের উপসর্গ: এ পর্যন্ত ৭ শতাধিক শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ১০৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ শিশু। সব মিলিয়ে সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৭০২ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিওডি বাংলা/এফএ







মন্তব্য