২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন

দীর্ঘ আড়াই দশক পর আবারও থিয়েটারের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করার পর এবার তিনি নাটক ‘নকাব’-এর মাধ্যমে অভিনয়ের শুরুর সেই পরিচিত অঙ্গনে ফিরছেন।
নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। এ উপলক্ষে ইতোমধ্যেই নাট্যদলের সদস্যদের সঙ্গে সেখানে রওনা হয়েছেন নওয়াজউদ্দিন। সফরে তার সঙ্গী হয়েছেন একমাত্র মেয়ে শোরা সিদ্দিকি, যা এই যাত্রাকে অভিনেতার জন্য আরও বিশেষ করে তুলেছে।
নিজের শিকাগো সফরের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন নওয়াজউদ্দিন। ছবিতে নাটকের সহশিল্পী ও মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা যায় তাকে। পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে মঞ্চে ফেরার খবরও ভাগ করে নেন।
চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার আগে থিয়েটারেই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল নওয়াজউদ্দিনের। দীর্ঘ সময়ের মহড়া, সরাসরি দর্শকের সামনে অভিনয় এবং মঞ্চের অভিজ্ঞতাই পরবর্তীতে তার অভিনয়জীবনের শক্ত ভিত্তি গড়ে দেয়। এরপর একের পর এক চলচ্চিত্রে প্রশংসিত অভিনয় করলেও থিয়েটারের প্রতি তার ভালোবাসা অটুট ছিল।
দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফেরার এই সিদ্ধান্তকে তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন অনেকে। একজন শিল্পী হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আগ্রহই এই প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও তুলে ধরেছেন তিনি।
এদিকে, শিকাগোতে ‘নকাব’ নাটকের প্রথম মঞ্চায়ন ঘিরে নওয়াজউদ্দিনের ভক্তদের পাশাপাশি নাট্যপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ভিওডি বাংলা/তা








মন্তব্য