যুবদলের সভায় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশিত সংবাদ এবং তা ঘিরে আলোচনা চলাকালে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে সভা স্থগিত করা হয়।
রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়নও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
যুবদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের দাবি, নতুন কমিটির সহসভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন সভাপতি মুন্না। জবাবে সাধারণ সম্পাদক নয়ন সহসভাপতি মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের অতীত সাংগঠনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সূত্রগুলোর ভাষ্য, কমিটির মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার দায় নিয়ে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করে। সভায় সহসভাপতি মাহমুদুস সালেহীন কক্সবাজারের আরেক সহসভাপতি জিয়াউর রহমান জিয়ার প্রতি যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ সময় মাহমুদুস সালেহীনের পদপ্রাপ্তি নিয়েও কয়েকজন মন্তব্য করেন।
একপর্যায়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজ আবদুল্লাহকে সতর্ক করেন। এরপর ফিরোজ সভা থেকে বেরিয়ে যান। পরে উত্তেজনা আরও বাড়লে জরুরি সভা স্থগিত করা হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য