• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার ৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংগঠনটির দাবি, কিছু সংবাদমাধ্যম শিরোনাম ও উপস্থাপনায় পরিবর্তন এনে প্রায় একই ধরনের সংবাদ প্রকাশ করছে। এতে বাস্তব তথ্য ও চলমান সাংগঠনিক কার্যক্রমের যথাযথ প্রতিফলন ঘটছে না। বরং যুবদল সম্পর্কে ‘চটকদার’ ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক যুবসংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবদলের ৮১টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনের সময় যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলেও দাবি করা হয়। এছাড়া শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ এবং হাজারো নেতাকর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রসঙ্গে যুবদল জানায়, কমিটির আকার ছোট রাখার সাংগঠনিক বাধ্যবাধকতার কারণে যোগ্য সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন এবং ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে কেন্দ্রের নির্দেশনায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক ও জনসম্পৃক্ত কার্যক্রম চলমান রয়েছে।

যুবদল দাবি করেছে, সংগঠনটি সবসময় শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, তাহলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে যুবদল বলেছে, কোনো সংগঠন সম্পর্কে মূল্যায়নমূলক সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা উক্ত সংবাদগুলোকে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকল গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ করবেন এবং প্রকৃত তথ্য তুলে ধরবেন।”

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের সহ-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না
যা হারিয়েছেন তা কি ফিরে পাবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
যা হারিয়েছেন তা কি ফিরে পাবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
এনসিপির লোগো
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সোমবার