দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। পরিস্থিতির কারণে রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, আন্দোলন কোনোভাবেই স্থগিত করা হবে না। সোনম ওয়াংচুকের অনশনকে ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘোষণা দিয়েছে, দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রাজীব চৌক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারেট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা স্বাভাবিক রাখা হয়েছে।
এদিকে, আন্দোলন ঘিরে পুলিশের অভিযানে আহত এক তরুণের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার সময় পেলেট গানে আহত হন দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা ১৯ বছর বয়সী সাহিল লোচাব।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিল্লির এইমস জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা চোখ থেকে পেলেট অপসারণ করলেও আহত ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন।
পরিবারের দাবি, চোখের মণি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকেরা মাত্র ১ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছেন। এ ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
সূত্র: দ্য হিন্দু
ভিওডি বাংলা/জা









মন্তব্য