• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপের মাঝেই কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে আসা কেপ ভার্দে এবার বড় ধরনের বিতর্কে জড়িয়েছে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড পুলিশ। বিষয়টি পর্যবেক্ষণ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে একটি ঘটনার প্রেক্ষিতে তদন্তের আওতায় আছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। সে সময় কেপ ভার্দে চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল এবং দুটিতেই অধিনায়ক ছিলেন মেন্ডেস।

প্রতিবেদনে বলা হয়, কেপ ভার্দে দলের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করা এক ব্রাজিলীয় নারী অভিযোগ করেছেন, অকল্যান্ডের দলের হোটেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে নিজের কক্ষে ফেরার পর সেখানে প্রবেশ করেন মেন্ডেস। অভিযোগকারীর আইনজীবীদের দাবি, তিনি তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন, বাধা দিলে শারীরিকভাবে আক্রমণ করেন এবং পরে ধর্ষণ করেন।

অভিযোগকারীর আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার পর তিনি শরীরে আঘাতের ছবি সংরক্ষণ করেন। পরে তিনি ব্রাজিলে ফিরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ১ এপ্রিল চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান।

তাদের দাবি, ঘটনার পর নিউজিল্যান্ড ফুটবল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বর্তমানে অভিযোগকারী মানসিকভাবে ভীষণ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও তারা উল্লেখ করেছেন।

এদিকে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, দেশটির পুলিশ বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলে যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। সংস্থাটির নির্ধারিত অভিযোগ জানানোর প্রক্রিয়া রয়েছে এবং তারা নিউজিল্যান্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তদন্ত চলমান থাকায় অতিরিক্ত মন্তব্য করা হয়নি।

অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন, মেন্ডেসের ম্যানেজার এবং তার এজেন্টের কাছ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বিষয়টি উঠে আসে। তবে কেপ ভার্দের সংবাদ কর্মকর্তা জানান, কোচ পেদ্রো লেইতাও ব্রিতো শুধুমাত্র ম্যাচ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবেন। পরবর্তীতে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেওয়া হয়নি এবং ফিফার এক কর্মকর্তা সাংবাদিকদের ম্যাচসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান।

অভিযোগ সামনে এলেও মেন্ডেসকে দলের অনুশীলনে দেখা গেছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত দলের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

রায়ান মেন্ডেস কেপ ভার্দে জাতীয় দলের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার। তিনি জাতীয় দলের হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন, যা দেশটির সর্বোচ্চ। একই সঙ্গে তিনি জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকে খেলছেন।

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। শুক্রবার দিবাগত রাতে শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।

উল্লেখ্য, রায়ান মেন্ডেসের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করেননি। অভিযোগগুলোর সত্যতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসেনি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিসেবে রিয়াদ-ইমরুল
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি গোলরক্ষক গুলিতে নিহত, ফিফাকে ঘিরে প্রশ্ন
ছবি: সংগৃহীত
মদ্রিচের বিদায়ে আবেগঘন মুহূর্ত