জনপ্রিয় গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। সংগীতে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গান গেয়ে অনেক শিল্পীই পেয়েছেন তারকাখ্যাতি। ২৭ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষে নতুন একটি গানের ভিডিও প্রকাশ করেছেন শফিক তুহিন।
নতুন গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস।
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির শিরোনাম ‘তোমায় দেখলে মনে হয় ২.০’। কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘বিয়ের ফুল’ সিনেমায় ব্যবহৃত শ্রোতাপ্রিয় ‘তোমায় দেখলে মনে হয়’ গানটির শুধু কোরাস অংশ নতুন গানটিতে যুক্ত করা হয়েছে।
শফিক তুহিন আশা প্রকাশ করেছেন, নতুন গানটিও সব ধরনের সংগীতপ্রেমীর কাছে সমানভাবে জনপ্রিয়তা পাবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রয় চৌধুরী।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘বিশেষ দিনে শ্রোতাদের জন্য এটি আমার ভালোবাসার উপহার। আমার বিশ্বাস, ভিন্নধর্মী এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। সুন্দর একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গান ও ভিডিও—সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, শ্রোতারা নতুন কিছু পাবেন।’
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য