• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১১:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, বরং সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাল-নদী দখল ও দূষণমুক্ত রাখা এবং যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিল। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

চারা রোপণের সঠিক পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনেকেই পলিথিন না খুলেই চারা মাটিতে রোপণ করেন, যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। তাই পলিথিন খুলে সঠিকভাবে চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের মতো শীত পড়ে না, আবার গরমও বেড়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টির দেখা নেই। এ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, “আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে চারা লাগিয়েই চলে গেলে হবে না। একটি শিশুকে যেমন যত্ন নিয়ে বড় করে তুলতে হয়, তেমনি গাছকেও পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে ছায়া দেবে, বিশুদ্ধ বাতাস দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার বয়ে আনবে।”

খাল-নদী রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিন ও বিভিন্ন বর্জ্য খাল-নদীতে ফেলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ে। তাই সবাইকে খাল-নদী পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “এই দেশ আমাদের। দেশের মালিক জনগণ। নিজের ঘরের যেমন যত্ন নেওয়া হয়, তেমনি দেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে।”

পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি নিজেও ব্যবহৃত টিস্যু বা ছোটখাটো বর্জ্য সঙ্গে রাখেন এবং পরে নির্ধারিত ডাস্টবিনে ফেলেন। সবাই যদি এমন অভ্যাস গড়ে তোলে, তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব হবে।

বক্তব্যের শেষদিকে তারেক রহমান বলেন, এদিন তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য তিনি সবাইকে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহজালালে কারিগরি ত্রুটিতে পাঁচ ঘণ্টা বিমানে আটকা ১৮২ যাত্রী
ছবি: সংগৃহীত
ইউএস-বাংলায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি