টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সংরক্ষণের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নয়ন আলী একই ইউনিয়নের হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবির পণ্য রাখা গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতরে তল্লাশি চালিয়ে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তিনি ভেতরে আটকা পড়ে মারা যান। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ লাখ টাকার পণ্য রক্ষা করা সম্ভব হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য