রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকার জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়া এলাকার নতুন বাবু (৩৬)।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং অন্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরও জানান, চলতি বছরের জুন মাসে কোতোয়ালি থানার মাদকবিরোধী অভিযানে মোট ৯টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য