মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) এবং একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)। সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রংসাইডে দ্রুতগতিতে আসা মাছবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, অপর মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় তারা প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই স্বজনরা শ্রীপুরে এসে মরদেহ শনাক্ত করেন।
মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছবোঝাই ট্রাকটি রংসাইডে চলছিল। এ কারণে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য