তিন দফা দাবিতে মাস্টার রোলের কর্মচারীদের আল্টিমেটাম

চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং ব্যবস্থা বাতিল এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে সরকারকে আগামী ৩১ জুলাই পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারী সমিতি। দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না নিলে ৯ আগস্ট অর্থ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. বোরহান উদ্দিন লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের সরকারি কার্যালয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারী দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় জরুরি সেবায় দায়িত্ব পালন করে আসছেন। অথচ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ তাদের চাকরির নিরাপত্তা ও সাংবিধানিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে।
সংগঠনটির দাবি, নীতিমালার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টার রোল কর্মচারীদের চাকরিচ্যুত এবং আউটসোর্সিং ব্যবস্থায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে মিটফোর্ড হাসপাতাল, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বহু কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তর করলে তাদের চাকরির নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়বে। এজন্য তারা আউটসোর্সিং ব্যবস্থাকে "আধুনিক দাসপ্রথা" আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত মাস্টার রোল কর্মচারীদের বয়সসীমা শিথিল করে স্থায়ী নিয়োগ এবং সব ধরনের বৈষম্যের অবসান নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মো. বোরহান উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলে তারা আশা করেন। এতে যেমন হাজারো কর্মচারী ও তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে, তেমনি সরকারি সেবার মানও আরও উন্নত হবে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন হাজারের বেশি কর্মচারীকে অবিলম্বে স্ব-স্ব পদে পুনর্বহাল করতে হবে।
২. দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করে বয়সসীমা শিথিলপূর্বক দীর্ঘদিন কর্মরত সব মাস্টার রোল কর্মচারীকে স্থায়ী নিয়োগ দিতে হবে।
সংগঠনটি জানায়, আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে সরকার তাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ৯ আগস্ট সারাদেশের দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের নিয়ে অর্থ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
ভিওডি বাংলা/এমআই/এফএ








মন্তব্য