‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, দ্রুত সমাধানের নির্দেশ ববি হাজ্জাজের

ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় রাজধানী ঢাকার জাপান গার্ডেন সিটির হাজারো বাসিন্দা দুর্ভোগের শিকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। একই সঙ্গে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সৃষ্ট দুর্ভোগের বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
মন্ত্রণালয় জানায়, প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ায় আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
ডিপিডিসি ইতোমধ্যে জানিয়েছে, গ্রাহকদের দুর্ভোগ কমাতে তাদের কাছে থাকা একটি সমক্ষমতার ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি রয়েছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডিপিডিসি যখন প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত, তখন ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয়ই সংকট নিরসনের প্রধান শর্ত। বাসিন্দাদের স্বার্থে আর কোনও বিলম্ব গ্রহণযোগ্য নয়।”
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাসিন্দাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটি দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করবে।
উল্লেখ্য, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ার পরও ব্যবস্থাপনা কমিটির প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে বিলম্বের কারণে তিন হাজারের বেশি বাসিন্দা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন।
ডিপিডিসি জানিয়েছে, তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনও কারিগরি ত্রুটি নেই এবং প্রয়োজনে সাময়িক ট্রান্সফরমার সরবরাহের প্রস্তুতিও রয়েছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর সমন্বয় না হওয়ায় সংকটের দ্রুত সমাধান সম্ভব হয়নি। বাসিন্দাদের স্বার্থে ব্যবস্থাপনা কমিটির প্রতি অবিলম্বে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় ডিপিডিসি।
জাপান গার্ডেন সিটির স্থানীয় বাসিন্দারা জানান, মালিকদের অনেকেই এই সময়ে বাইরে রয়েছেন, তবে যারা ভাড়ায় থাকেন তারা পড়েছেন বিপদে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য