মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের যুবক আটক

সেবাপ্রত্যাশীদের হয়রানি ও দালালচক্রের তৎপরতা ঠেকাতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে আবারও অভিযান চালিয়েছে আনসার সদস্যরা। অভিযানে রোগী ও স্বজনদের ভুল তথ্য দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের ২ নম্বর ভবনের সপ্তম তলায় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আটক যুবকের নাম আসলাম (২১)। অভিযোগ রয়েছে, তিনি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ অভিযানে নেতৃত্ব দেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের ইনচার্জ পিসি মো. কামাল পারভেজ। তার সঙ্গে অভিযানে অংশ নেন আনসার সদস্য মো. শফিকুল ইসলাম। তাদের সমন্বিত উদ্যোগে দালালকে আটক করা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হাসপাতাল প্রশাসনের মতে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে এবং দালালচক্রের অপতৎপরতা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য