• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবার উন্নয়নমুখী ভূমিকায় বদলে যাবে ঢাকার চিত্র: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পি.এম.
উন্নয়নমুখী ভূমিকা পালন করলে ঢাকার চিত্র বদলে যাবে: ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা উন্নয়নমুখী ভূমিকা পালন করলে ঢাকার চিত্র বদলে যাবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি সূত্র জানায়, প্রকল্পের আওতায় ৪১৫ মিটার মূল সড়ক এবং গলি ও উপগলিসহ আরও ৪৬৫ মিটার সড়ক নির্মাণ করা হবে। সব মিলিয়ে মোট ৮৮০ মিটার সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে ঠিকাদার সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করবেন।

ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না। কাজের মান নিশ্চিত না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অন্যান্য প্রকল্পে কাজ দীর্ঘায়িত হওয়ার ঘটনাতেও অসন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিএনপিসহ সংশ্লিষ্ট সবার প্রতি নির্মাণকাজে সহযোগিতার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের চলাচল স্বাভাবিক রেখে উন্নয়নকাজ পরিচালনা করা চ্যালেঞ্জিং। সবার সহযোগিতা থাকলে নির্ধারিত সময়েই কাজ শেষ করা সম্ভব হবে।

তিনি বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার পরামর্শ দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, দোকান বা প্রতিষ্ঠানের সামনে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

আমি দায়িত্ব নেওয়ার পরই অবহেলিত সড়কগুলোর উন্নয়নে দ্রুত উদ্যোগ নিয়েছি। এছাড়া কাজের মান নিশ্চিত না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছি বলেও মন্তব্য করেছেন আবদুস সালাম।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
মুগদায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০