• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ১,৪৬৩ মামলা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৪৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৫৭টি যানবাহন ডাম্পিং এবং ২৫২টি যানবাহন রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (৮ জুলাই) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

তথ্য অনুযায়ী, ট্রাফিক-ওয়ারী বিভাগে সবচেয়ে বেশি ৪২৫টি মামলা হয়েছে। এ বিভাগের অভিযানে ২৭টি বাস, ৫১টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ২০৩টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০১টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৬৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে হয়েছে ১৪৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯৮টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৮১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, বিভিন্ন বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়ম ভঙ্গকারী ৪৫৭টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ২৫২টি যানবাহন রেকার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচল নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

ট্রাফিক বিভাগ বলছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাও গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত তদারকির মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নের কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
মুগদায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০