মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। তার কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি "স্বল্পস্থায়ী ও আকস্মিক অসুস্থতার" পর তিনি মৃত্যুবরণ করেন।
এক বিবৃতিতে গ্রাহামের পরিবার জানিয়েছে, এই কঠিন সময়ে তারা সবার কাছে দোয়া কামনা করছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
২০০২ সালে দক্ষিণ ক্যারোলাইনা থেকে সিনেটে নির্বাচিত হওয়া গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন ছিলেন এবং সিনেট বাজেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
মৃত্যুর মাত্র একদিন আগে তিনি ইউক্রেন সফর করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সফরের আগে তার কোনো স্বাস্থ্যগত সমস্যার কথা জানা যায়নি।
গ্রাহামের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে "একজন সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক" বলে উল্লেখ করেন।
ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সহায়তার জোরালো সমর্থক ছিলেন লিন্ডসে গ্রাহাম। ২০২৩ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "পুতিন ইউক্রেনেই থামবেন না।" তিনি আরও বলেন, "ইউক্রেনে দুর্বলতা দেখানো মানে তাইওয়ানেও হার মেনে নেওয়া।"
তার সর্বশেষ ইউক্রেন সফরে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে কাজ করছিলেন। তার ভাষায়, এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শেষ করার জন্য আরও কার্যকর কূটনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার দেবে।
রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও পরবর্তীতে তিনি তার অন্যতম দৃঢ় সমর্থকে পরিণত হন। ২০২৩ সালে বিবিসিকে তিনি বলেছিলেন, "ডোনাল্ড ট্রাম্পের একটি অন্ধকার দিক রয়েছে। কিন্তু তিনি একজন খুব ভালো প্রেসিডেন্ট ছিলেন। আমি তার সঙ্গেই আছি, কারণ আমি দেখেছি তিনি কী করেছেন।" এ সময় তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত নীতি, ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার সিদ্ধান্ত এবং রক্ষণশীল বিচারপতি নিয়োগের বিষয়গুলোকে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছিলেন।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/জা








মন্তব্য