• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন জাহিদ হাসান ‎

বিনোদন প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎একসময় ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতাদের একজন ছিলেন জাহিদ হাসান। নব্বই দশক থেকে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন টেলিভিশন নাটকের অন্যতম নির্ভরতার নাম। তবে গত কয়েক বছরে ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাকে নিয়মিত নাটকে দেখা যায়নি।

‎দীর্ঘ বিরতির পর এবার নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন নাটক ‘পথহারা মন’-এর মাধ্যমে অভিনয়ে ফিরছেন জাহিদ হাসান। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন ছোট পর্দার সোনালি দিনের স্মৃতিকে আবারও ফিরিয়ে আনবে।

‎ফেসবুকে ইউসুফ দেওয়ান নামে এক ভক্ত লিখেছেন, “আমাদের যৌবনকালের প্রিয় অভিনেতা ছিলেন জাহিদ হাসান। তখন নিয়মিত তার নাটক দেখতাম। অনেকদিন পর তাকে আবার ভালো কাজে ফিরিয়ে আনার জন্য পরিচালক রাজকে ধন্যবাদ।”

‎সাইমুন্নেসা নামে আরেকজন লিখেছেন, “রাজ-জাহিদ হাসান—বাহ! অনেকদিন পর দারুণ একটি কাজ দেখতে পাব বলে আশা করছি।”
‎নিজেকে জাহিদ হাসানের ‘ডাই-হার্ড ফ্যান’ পরিচয় দিয়ে রাফিজুল ইসলাম লেখেন, “ভাবছিলাম জাহিদ হাসান ভাই হয়তো নাটক করা ছেড়ে দিয়েছেন। প্রায়ই ইউটিউবে তার নতুন নাটক খুঁজি, কিন্তু পুরোনো কাজই পাই। তিনি মাসে অন্তত একটি নাটকে অভিনয় করুন—এটাই আমাদের মতো হাজারো ভক্তের চাওয়া।”

‎আয়েশা আক্তার খুশি নামে আরেক ভক্ত মন্তব্য করেন, “মোস্তফা কামাল রাজের মতো নির্মাতার নাটক দিয়ে জাহিদ হাসান ভাইয়ের কামব্যাক—ভাবতেই ভালো লাগছে। নিয়মিত তাকে নাটকে দেখতে চাই।”

‎নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। তার ভাষায়, দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত নাটকটির সঙ্গে মিলিয়ে নিতে পারেন, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে।

‎নাটকে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম এবং মনিরা আক্তার মিঠু।

‎জাহিদ হাসান বলেন, “রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবার তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক, আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ ছিল।”

‎সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। জাকিয়া হোসেন তৃষা গল্প লিখেছেন, আর পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে 

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’