• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্রীয় শোকের মধ্যেই ১ জানুয়ারি বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথম দিন ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে। তবে এ বছর কোনো আনুষ্ঠানিক উৎসব আয়োজন করা হচ্ছে না। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে পাঠ্যবই সংগ্রহ করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বই বিতরণ কার্যক্রম চলবে কি না- তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, “এবার কোনো উৎসব হবে না-এটি আগেই নির্ধারিত ছিল। শুধু শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা রয়েছে।”

রাষ্ট্রীয় শোকের কারণে কোনো পরিবর্তন হবে কি না - জানতে চাইলে তিনি বলেন, “বুধবার সাধারণ ছুটি থাকায় ওই দিনের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার ১ জানুয়ারি রাষ্ট্রীয় শোক থাকলেও সব কার্যক্রম চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং বই বিতরণে কোনো বাধা নেই।”

একই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক। তিনি বলেন, “প্রাথমিকের সব পাঠ্যবই আগেই স্কুলে পৌঁছে গেছে। ১ জানুয়ারি শতভাগ শিক্ষার্থী বই হাতে পাবে।”

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই মুদ্রণ করা হয়েছে। ছাপা, বাঁধাই ও কাটিং শেষে সেগুলো উপজেলায় পাঠানো হয়েছে।

তবে মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যবই সরবরাহ এখনো পুরোপুরি শেষ হয়নি। ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ৭৮ দশমিক ৭২ শতাংশ ছাপা শেষ হয়েছে এবং ৫৮ দশমিক ৬৮ শতাংশ সরবরাহ করা হয়েছে। ফলে বছরের প্রথম দিনে মাধ্যমিক স্তরের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য