• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় দ্বিতীয় দিনেও ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পি.এম.
সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ জারি না হওয়ায় ৩ মোড়ে অবরোধ কর্মসূচি চালাচ্ছেন -ছবি-ভিওডি বাংলা

পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষ থেকে সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনেও রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা প্রথমে সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড়েও একই ধরনের অবরোধ কর্মসূচি চালানো হবে।

ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নাঈম হাওলাদার বলেন, “পতিত সরকার সাত কলেজকে অধিভুক্ত করার হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি।”

শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

পরবর্তী ধাপে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাত কলেজের শিক্ষার্থীরা আরও জানান, তারা সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারি দফতরে ধরনা দেওয়ার পরও অধ্যাদেশ এখনও জারি হয়নি। শিক্ষার্থীরা বলেন, “আমরা দুর্ভোগ চাই না। সরকার দ্রুত অধ্যাদেশ জারি করুক। কিন্তু না দেওয়ায় বাধ্য হয়ে আন্দোলন চালাচ্ছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য