তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, গত ১৭ বছরে জাতি হিসেবে এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছে। দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে বের হতে হলে সামাজিক আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম নিজ জেলা সিরাজগঞ্জ সফরকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দলগুলো কাজ করবে। স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার। মানুষের অধিকার আদায় ও নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নির্বাচনী ইশতেহারে এ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
হাসপাতালের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কোথাও অবৈধ স্থাপনা, কোথাও দালালদের দৌরাত্ম্য—এসব বড় সমস্যা। শুধু কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে এসব পরিবর্তন সম্ভব নয়; স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে দুপুর ১২টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
ভিওডি বাংলা/আ







