• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়—গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়ালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। দল ও সরকারের দায়িত্ব আলাদা রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকি। একই সঙ্গে দেওয়ান আব্দুর রশিদ নিলুকে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, "রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।"
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।"

এর আগে শুক্রবার দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এতে সাকি নিজে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ স্লোগান নিয়ে ২০০২ সালের ২৯ আগস্ট যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে দলের প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার