সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সুনামগঞ্জে অভিযান চালিয়ে ২৪১ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সংবাদের তথ্য অনুযায়ী, সলুকাবাদ এলাকার একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল।
পরে রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মো. কাউছার (২০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।
পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এম আর সজিব/আ







